ময়মনসিংহে সংসদ সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেনের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
news-banner
ময়মনসিংহের(ফুলপুর তারাকান্দা)-২ এর সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে পৃথক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে।তারাকান্দায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণকে ঘিরে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ-অস্বীকারের পাশাপাশি একে অপরের বিরুদ্ধে তীব্র পাল্টা অভিযোগ তোলেন উভয়ে।

মুফতি মুহাম্মদুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের সংসদ সদস্য।অপরদিকে বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং বিগত নির্বাচনে এই আসনের বিএনপি দলীয় পরাজিত প্রার্থী।

১৫ এপ্রিল-২০২৬ ইং তারিখ রোজ বুধবার দুপুর ও বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে পৃথকভাবে এসব সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ-২আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিশ-এর কেন্দ্রীয় সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ অভিযোগ করেন, তারাকান্দায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগদানে তাকে বাধা দেওয়া হয় এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে তার অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। তিনি এ ঘটনার জন্য বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদারের অনুসারীদের দায়ী করেন।

এমপির সংবাদ সম্মেলনে জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মহানগর সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ ফারুকী এবং ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও বিগত নির্বাচনে এ আসনের বিএনপি দলীয় পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার সংবাদ সম্মেলনে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।তিনি বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানে কোনো হামলা বা বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। একটি সামান্য ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমি নিজেই এমপিকে সেখান থেকে সরিয়ে নেই।

তিনি আরও অভিযোগ করেন,স্থানীয় এমপি উদ্দেশ্য প্রণোদিতভাবে পুরো ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে আমার ও বিএনপি'র বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। তিনি দাবি করেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।

মোতাহার হোসেন তালুকদার আরও বলেন, আমি এলাকায় সক্রিয়ভাবে রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছি, যা এমপির পছন্দ নয়। এ কারণেই তিনি প্রতিহিংসামূলক আচরণ করছেন।

বিএনপি নেতার সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল বাতেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল, উত্তর জেলা তাঁতী দলের সদস্য আজিজুল হক, রওনক আহমেদ আজিজুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments